মুক্তিযোদ্ধা কালান্দর শাহরিয়ার আত্মহত্যা করেছেন
মুক্তিযোদ্ধা কালান্দর শাহরিয়ার ওরফে বাবলু বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার মহাখালীতে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এর আগে তিনি এক চিঠিতে এই মৃত্যুর জন্য তার দুই বন্ধুর নাম উল্লেখ করে গেছেন। এরা তার ব্যবসায়িক অংশীদারও। তারা হলেন মোবারক হোসেন ওরফে তুষার এবং মোহাম্মদ ইব্রাহিম।
নিহতের স্ত্রী সুরাইয়া কবির চিঠির সূত্র ধরে উল্লিখিত দুজনকে স্বামীর আত্মহত্যার জন্য দায়ী করে শুক্রবার গুলশান থানায় মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে গুলশান থানা পুলিশ শুক্রবার সকালে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। কিন্তু রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত অপরজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ইব্রাহিম নিহত শাহরিয়ারের মাধ্যমে মুদ্রা ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের কাছ থেকে ৩৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ইব্রাহিম তা ফেরত দেননি। তুষার এজন্য শাহরিয়ারকে অনবরত চাপ প্রয়োগ করে আসছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় নিহতের লাশ দাফন করা হয়েছে।
