ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে ২২ জুলাই থেকে ধানমণ্ডি ও মোহাম্মদপুরে ডিসিসির জনসমাবেশ
রাজধানীতে ভয়াবহ ডেঙ্গু রোগের প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ২০ জুলাই থেকে ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় জনসমাবেশ করবে।
ডিসিসির উদ্যোগে বৃহস্পতিবার নগর ভবন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় দলমত নির্বিশেষে মন্ত্রী, সাংসদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসকসহ সকলেই ডেঙ্গু রোধে প্রতিকার ও চিকিৎসার ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নূর, জাতীয় অধ্যাপক ডা. এমআর খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ, রাজনীতিক মোজাফফর হোসেন পল্টু, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, কবরী সারোয়ার, ইলিয়াস কাঞ্চন, ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, মশক নিয়ন্ত্রণ উপদেষ্টা রফিকুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শফিকুল ইসলাম প্রমুখ।
স্বাস্থ্য মন্ত্রী সরকারের পাশাপাশি সকল স্তরের মানুষকে ডেঙ্গু রোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ২০ জুলাই থেকে ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় অনুষ্ঠেয় জনসমাবেশগুলোতে রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবি ও বিভিন্ন সংগঠণের প্রতিনিধিরা যোগ দেবেন।
এদিকে রাজধানীতে ডেঙ্গুজ্বরের প্রকোপ ক্রমশ বাড়ছে। প্রতিদিনই নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া ও চিকিৎসা গ্রহণের খবর পাওয়া যাচ্ছে।
গত ৭ জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে মোট ৩৮৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই ৩৪ জন রোগী ভর্তি হয়। এসময় একজন রোগীর মৃত্যু হয়েছে।
