সাভারে পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
সাভার উপজেলার ধানসোনা ইউনিয়নের পূর্ব ডেন্ডাবর মহল্লায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিনটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে স্কুলের পাশের পুকুর থেকে একজনের এবং বৃহস্পতিবার সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব ডেন্ডাবর মহল্লার বাসিন্দা সাইফুল ইসলামের দুই শিশু রেশমা (৭) ও হৃদয় (৫) এবং একই বাড়ির জালাল উদ্দিনের কন্যা লিমা (৯) প্রতিদিনের মতোই বুধবার সকালে বাড়ির পাশের ডেন্ডাবর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। বিকেলে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা যার যার বাড়ি ফিরে গেলেও ওই তিন শিশু বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন তখন বিভিন্ন জায়গায় তাদের খোঁজ শুরু করে। রাতে স্কুল সংলগ্ন পুকুর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে স্কুল সংলগ্ন ওই পুকুরে আরও দুটি লাশ ভেসে উঠে। আশুলিয়া থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।
দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে দু সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সাইফুল ইসলাম ও তার স্ত্রী। লিমা তৃতীয় শ্রেণী এবং রেশমা ও হৃদয় প্রথম শ্রেণীতে পড়তো।
