রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
রাজধানীর লালবাগ ও ধানমন্ডি এলাকা থেকে বুধবার রাতে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর লালবাগে বুধবার রাতে একটি কালো ট্যাক্সিক্যাবসহ চার ছিনতাইকারীকে পুলিশ চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেঁড়ে।
এ সময় পুলিশের এ এস আই আকরাম আহত হয়। পুলিশ দুইজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। অপর দুইজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অপরদিকে ধানমন্ডি লেকে ছিনতাই করার সময় একজন ছিনতাইকারীকে পুলিশ আটকের চেষ্টা করলে সে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
