ঢাকা ও নওগাঁয় র্যাবের ক্রসফায়ারে কথিত সন্ত্রাসী ও চরমপন্থি নেতা নিহত
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের পার্শ্ববর্তী স্থানে ও নওগাঁ রানীনগরের কালিগ্রামে বৃহস্পতিবার ভোরে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ক্রসফায়ারে কথিত সন্ত্রাসী ও চরমপন্থি নেতা নিহত হয়েছে।
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের পার্শ্ববর্তী স্থানে বৃহস্পতিবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের নাম মো. জসিম ওরফে কানা জসিম।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ এর সদস্যরা বুধবার রাতে রমনার একটি চাইনিজ রেষ্টুরেন্ট থেকে জসিমকে গ্রেফতার করে। জসিম র্যাবের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী রাতে র্যাব ১০ এর সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য ডেমরা স্টাফ কোয়ার্টারের পার্শ্ববর্তী স্থানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জসিমের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে জসিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুইটি বিদেশী রিভলবার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব জানায়, জসিমের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
অপরদিকে নওগাঁর রানীনগর উপজেলার কালিগ্রাম ঈদগাহের পাশে র্যাবের ক্রসফায়ারে জেলা পুলিশের তালিকাভুক্ত কথিত চরমপন্থি নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থি নেতার নাম শহিদুল ইসলাম (৩৮)। সে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের হাজী আহম্মদ আলীর ছেলে। সে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, আড়াই বছর ধরে পলাতক আসামি শহিদুলকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর একটি দল মঙ্গলবার বিকেলে পতœীতলা উপজেলার গগনপুর গ্রাম থেকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে র্যাব সদস্যরা শহিদুলকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারের জন্য কালিগ্রাম ঈদগাহের পাশে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহিদুল নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব জানায়, শহিদুলের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। এ ব্যাপারে নওগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
