২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের হামলা, আহত ২

আদালত অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবুল মনসুরের আদালতে কয়েকজন বিক্ষুব্ধ আইনজীবী হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এ সময় আইনজীবীরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও হাতাহাতি করেন এবং বিচারককে উদ্দেশ্য করে চেয়ার ছুঁড়ে মারেন। এতে কাওসার ও রকিব নামে দুই আইনজীবী আহত হন।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবুল মনসুর বুধবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, সদস্য হুমায়ুন কবীর এবং মাহবুবুর রহমান মাসুমের বিরুদ্ধেআদালত অবমাননার অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীদের দুটি গ্র“পের মধ্যে কোন্দল শুরু হয়।

ঘটনার পর আদালত অবমাননার দায়ে অভিযুক্ত চারজনসহ কয়েকজন আইনজীবী সাধারণ আইনজীবীদের ওপর হামলা চালায়। এ সময় অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া একটি কাঠের বেঞ্চ নিয়ে জেলা জজের উপর হামলা চালানোর চেষ্টা করেন বলে এক বিচারক অভিযোগ করেন। এ ঘটনার পর জজ তার এজলাস থেকে বেরিয়ে খাস কামরায় চলে যান।

অভিযুক্ত চার আইনজীবীর একজন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা জেলা ও দায়রা জজের দূর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানাচ্ছি। নিয়মবর্হিভূত জামিন প্রদানসহ তার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে জেলা ও দায়রা জজ আবুল মনসুর বলেন, কয়েকজন আইনজীবী তাদের ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আদালতের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি এবং সাধারণ আইনজীবীদের ওপর হামলা করেছে।