পাবনার আতাইকুলায় ১৫টি বাড়িতে হামলা: মালামাল লুট, আহত ১০
পাবনার আতাইকুলা থানার ১৫টি বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের এজেম উদ্দিনের বাড়িতে হামলা চালায়।
পরে একই গ্রামের জোনাব আলী খাঁ, সৈয়দ আলী, ইউসুফ আলী, আবু বক্কর আলী, গয়েশবাড়ীয়া গ্রামের ভাদু বিশ্বাস, পোকারি সর্দার ও দেবীপুর গ্রামের কছির বিশ্বাসের বাড়ীসহ ১৫টি বাড়িতে সন্ত্রাসী তান্ডব চালায়।
সন্ত্রাসীরা এসব বাড়ি থেকে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে।
ঘটনার পরে সন্ত্রাসীরা আরও এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
