জয়পুরহাটে বাস -- ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩৩ জনে উন্নীত
জয়পুরহাটের আক্কেলপুর থানার মহিলা কলেজ রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসের সাথে চলন্ত একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা ৩৩ এবং আহতের সংখ্যা ৪০ জনে উন্নীত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা খেয়া পরিবহন নামে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সৈয়দপুর থেকে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এ দুর্ঘটনার জন্য এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
