২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর উত্তাল, লাশ উদ্ধারে অনিশ্চয়তা

বঙ্গোপসাগর উত্তাল থাকায় পটুয়াখালি জেলার গলাচিপার দুর্গম চরাঞ্চল থেকে মঙ্গলবার আর কোন লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। জেলেরা উপকূলের পানিতে আরও অনেক লাশ ভাসতে দেখেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা চরাঞ্চলে লাশ ভেসে থাকার কথা স্বীকার করে বলেছেন, মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি পুলিশ দলকে তিনি চরাঞ্চলে পাঠিয়েছিলেন। তারা চর মোন্তাজের সোনার চরে একটি লাশ ভাসতে দেখলেও ঢেউয়ের কারণে তা উদ্ধার করতে পারেনি। তাছাড়া চরতাপসী, চরআন্ডা, রূপারচর, শিবচরেও একই কারণে তারা পৌঁছাতে পারেনি।

ওসি আরও জানান, জেলেরা যেসব স্পটে লাশ ভাসতে থাকার কথা বলেছে স্বাভাবিক সময়েও সেখানে যাওয়া সম্ভব নয়। আর সাগর উত্তাল থাকলে তো কথাই নেই।

এদিকে চরমোন্তাজ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রুহুল আমিন জানান, সকালে তিনি চরমোন্তাজ লঞ্চঘাটের পশ্চিম দিকে দুটি লাশ ভাসতে দেখেছেন। চরমোন্তাজের মাছ ব্যবসায়ী আজাদ সাথীও চরতাপসীতে তিনটি লাশ ভাসতে দেখেছেন।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহি কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।  

বঙ্গোপসাগরের বিভিন্ন চরাঞ্চলে গত সপ্তাহে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সব লাশ ডুবে যাওয়া ট্রলারের হতভাগ্য জেলেদের বলেই ধারণা করা হচ্ছে।