শিক্ষক -- কর্মচারি ফ্রন্টের ধর্মঘটের তৃতীয় দিন পালিত, সাংসদদের কাছে স্মারকলিপি
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা ভিত্তিক সংগঠন জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট এর আহ্বানে শিক্ষা ধর্মঘটের তৃতীয় দিন সোমবার অতিবাহিত হয়েছে। দেশের সব জেলা, উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটরত শিক্ষকরা সরকার দলীয় সাংসদদের কাছে তাদের নির্বাচনী প্রতিশ্র“তির কথা স্মরণ করিয়ে দিয়ে এক স্মারকলিপি পেশ করেছেন।
ফ্রন্টের নেতারা বিডিনিউজকে জানান, স্মারকলিপিতে জোট সরকার শিক্ষক -- কর্মচারিদের ১০ শতাংশ বেতন বৃদ্ধি না করে নির্বাচনী প্রতিশ্র“তি ভঙ্গ করেছে বলে তারা উল্লেখ করেছেন।
একই সঙ্গে তারা সরকারি আদেশ জারী করে অবিলম্বে শিক্ষক -- কর্মচারিদের দাবি -- দাওয়া মেনে নিয়ে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা নিরসনের দাবি জানিয়েছেন।
জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট’র আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজ এর সঙ্গে আলাপকালে বলেন, আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। আমরা শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও অরাজকতার বিরুদ্ধে আন্দোলন করছি।
তিনি জানান, আওয়ামী লীগ ও সিপিবি তাদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
ফ্রন্টের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জুলাই বিভিন্ন স্থানে পথসভা।
এদিকে কাজী ফারুক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চতর স্কেল বঞ্চিত শিক্ষক ও চাকরিবিধি বঞ্চিত কর্মচারিদের প্রতিনিধি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
