গোল্ডেন বল পেলেন জিনেদিনে জিদান
ফরাসি অধিনায়ক জিনেদিনে জিদানকে গোল্ডেন বল পুরষ্কারে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা। ইটালির বিরুদ্ধে ফাইনালে মাঠ ধেকে বহি®কৃত হবার পরও এবারের আসরে অসামান্য পারফরমেন্সের কারনেই জিদানকে এই গোল্ডেন বল পুরষ্কার দেওয়া হলো।
ফাইনাল খেলায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়বার আগেই মিডিয়ার ভোটে জিদান ২০১২ ভোট পেয়ে এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিদান। আজ্জুরি অধিনায়ক ফ্যাবিও ক্যান্নাভেরা ১৯৭৭ ভোট পেয়ে শেষ পর্যন্ত জিদানের কাছে মাত্র ৪০ ভোটে হেরে যান। সতীর্থ ইটালিয়ান অ্যান্ড্রিয়া পিরলো ৭১৫ ভোট পেয়ে এই প্রতিদ্বন্দ্বীতার তৃতীয় স্থানে রয়েছেন।
তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে জিদানের বিদায়টা যেমন রাজকীয় হবে বলে মনে করা হয়েছিল সেটা থেকে জিদানই নিজেকে বঞ্চিত করেছেন।
খেলার ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফুটবল ইতিহাসের নতুন এক অধ্যায়ে ঢুকে পড়েন জিদান।
এই গোলের সাথে জিদান বিশ্বকাপের ফাইনালে ৩টি করে গোল করা অপর তিন ফুটবলারের পাশে নিজের নাম লেখান। এরপর পুরো খেলায় নিজস্ব রীতিতেই ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে যান ফুটবলের এই নিপুন শিল্পী। কিন্তু অতিরিক্ত সময়ের খেলার ২১ মিনিটে জিদান মাথা গরম করে যে অপকর্মটি করে বসলেন সেটি তার বর্ণিল ফুটবল জীবনের সোনালী অধ্যায়ের একটি কলঙ্ক তিলক হয়েই থাকবে। এসময়ে অফ - দ্যা বল সিচ্যুয়েশানে আজ্জুরি মিডফিল্ডার ম্যাটেরাজ্জি’র বুকে জিদান তার মাথা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। সম্ভবত ম্যাটেরাজ্জি’র শ্লেজিং-এর কারনেই জিদান অন্ধ ক্ষোভে এই আপত্তিজনক অপকর্মটি করে বসেন। এই ঘটনায় আর্জেন্টাইন রেফারি হোরাসিও মার্সেলো এলিজন্ডো জিদানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এই লজ্জাজনক বহিষ্কারের ফলে জিদানের বিশ্বকাপ হাতে নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনকে বিদায় জানানোর সকল আকাঙ্খা চুরমার হয়ে যায়।
৯৮’ এর আসরের জিদান ব্রাজিলের বিরুদ্ধে ২ টি গোল করেছিলেন। তার অসাধারন নৈপুণ্যে সেবার দেশের মাটিতেই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফ্রান্স। এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের খেলায় স্পেন এবং সেমিফাইনালে শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে ২ টি স্মরণীয় গোলের দেখা পেয়েছেন ফরাসি জিজ্জু। কোয়ার্টার ফাইনালে আসরের টপ ফেবারিট ব্রাজিলের বিরুদ্ধে কোনো গোল না করলেও জিদান জাদুতেই পুড়ে ছাই হয়ে যায় রোনাল্ডো, কাফু আর রোনাল্ডিনহোদের টানা দ্বিতীয়বারের মতো কাপ জয়ের স্বপ্ন। আর ফাইনালে ইটালির বিরুদ্ধে একটি গোল করলেও শেষপর্যন্ত ফ্রান্সের জন্য দ্বিতীয়বারের মতো শিরোপা এনে দিতে পারলেন না জিদান। টাইব্রেকারে দলের পরাজয দেখার আগেই বহি®কৃত হয়ে মাঠ ছাড়তে হলো তাকে।
