উত্তরায় নার্স ধর্ষণ ও হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে মহিলা পরিষদ
রাজধানীর উত্তরায় গ্রীনল্যান্ড হাসপাতালে নার্স শাহনাজ আক্তার রিনা (২১)র ধর্ষক ও হত্যাকারী লিখনকে অবিলম্বে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার বিকেলে মহিলা পরিষদের ঢাকা মহানগরের উদ্যোগে গ্রীনল্যান্ড হাসপাতালের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। পরে এ দাবিতে উত্তরা থানায় একটি স্মারকলিপি দেয়া হয়।
সেলিনা কর্তবাগীশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নেত্রী রেখা চৌধুরী, সরাবন তহুরা, অ্যাডভোকেট ফাতেমা খাতুন ও ঝুমা হালদার, আসমা খাতুন, হোমায়রা খাতুন, মেহেরুন্নেসা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা শাহনাজ আক্তার রিনাকে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা থানার সামনে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ উত্তরা থানার ওসি এসএম নাইমুর রহমানের সাথে দেখা করে স্মারকলিপি দেন।
