বিশ্ব জনসংখ্যা দিবস মঙ্গলবার
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে এ বছর দিবসটির প্রতিপাদ্য-- তরুণ প্রজন্ম শ্রেষ্ঠ সম্পদ।
সরকারি--বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-- ঢাকার জিরো পয়েন্ট সড়কদ্বীপ সজ্জিতকরণ, ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের (বিবিসি) উপকরণ প্রদর্শনীসহ বিভিন্ন জেলা পর্যায়ে শিশু--মাতৃসেবা প্রদান, সেমিনার, র্যালি ইত্যাদি।
এ উপলক্ষে বেসরকারি সংগঠন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন (এফপিএবি) জানিয়েছে, সংগঠনটি সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অধিকাংশ তরুণ জনগোষ্ঠী প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার তরুণ জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বিষয়ে উন্মুক্ত আলোচনার প্রধান বাধাই হয়ে দাঁড়াচ্ছে তাদের বাবা--মা, ধর্মীয় নেতা এবং স্বাস্থ্য কর্মীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৪ বছর বয়সের ছেলে--মেয়েদের যুব বলা হয়। এবং দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ জনগোষ্ঠী যুব--কিশোর।
