জয়পুরহাট জেলা কারাগারে ধারণ ক্ষমতার চারগুণের অধিক কয়েদী ও হাজতির বসবাস
জয়পুরহাট জেলা কারাগারে ধারণ ক্ষমতার চারগুণের অধিক কয়েদী ও হাজতি গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছে। এর ফলে কারাগারের শৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য নিত্য কাজকর্ম নিয়মতান্ত্রিকভাবে সমাধা করতে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জয়পুরহাট জেলা কারাগারে কয়েদিদের জন্য একটি, হাজতিদের জন্য তিনটি, কিশোর অপরাধীদের জন্য একটি ও মহিলাদের জন্য একটিসহ মোট ছয়টি ব্যারাকে ১১০ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৫ জন কিশোর অপরাধীসহ মোট ১৩১ জনের ক্ষমতা থাকলেও বর্তমানে বাস করছে ৫০৯ জন। এই কারাগারে ২৫ শয্যা বিশিষ্ট আরও চারটি ব্যারাক জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন বলে কারাগার কর্তৃপক্ষ জানায়।
জানা গেছে, ২০০৫--০৬ অর্থবছরে জেলা কারাগারে ৪ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে অস্ত্রাগার ও গোলাবারুদ ভবন নির্মাণ, ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সীমানা প্রাচীর উর্দ্ধমুখী সম্প্রসারণ, পরিবর্ধন ও মেরামত কাজ, ১ লাখ ৯১ হাজার ৪শ’ ৫৮ টাকা ব্যয়ে মহিলা ব্যারাক ও জেলারের অফিস মেরামত, ১ লাখ ৭৮ হাজার ৭শ’ ১৯ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানির পাইপ লাইন মেরামত, ২ লাখ ৩৯ হাজার ৩৫ টাকা ব্যয়ে কারারক্ষীদের জন্য কারাগার সংলগ্ন টিনশেড ব্যারাক মেরামত, ৬১ হাজার টাকা ব্যয়ে জেলারের বাসভবন, এবং প্রধান ফটকসহ অন্যান্য অফিস মেরামতের কাজ সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত গড়ে ওঠেনি কোন হাসপাতাল। কারাগারের একটি মাত্র ফার্মেসিতে সাময়িক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে কারাবাসীরা।
কারা সূত্র জানায়, দীর্ঘদিন পূর্বে হাজতি ও কয়েদিদের জন্য ফ্যান ও টেলিভিশন ক্রয়সহ আরও ব্যারাক নির্মাণের প্রয়োজনীয় অর্থ চেয়ে প্রাক্কলন ব্যয় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হলেও এখনও কোন বরাদ্দ না পাওয়ায় কারাবাসীরা দূর্বিষহ জীবনযাপন করছে।
