ফিফা ও ইইউ যৌথভাবে বিশ্বের দারিদ্র বিমোচনে কাজ করবে
ফুটবল খেলাকে দিয়ে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর দারিদ্র বিমোচনের জন্য বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ (ফিফা) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী আফ্রিকাসহ ক্যারিবিয় ও প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর দারিদ্র বিমোচনের জন্য ফুটবল খেলার ‘ইমেজ’কে ব্যবহার করা হবে।
ফিফা এবং ইইউ এসব দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী চার বছরে অর্থাৎ ২০১০ সালে আফ্রিকায় অনুষ্ঠেয় ১৯তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসরের মূল পর্বের আগ পর্যন্ত মোট ২৫ বিলিয়ন ইউরো ব্যয় করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মানুয়েল বারোসো বার্লিনে এক প্রেস ব্রিফিং-এ জানান, ‘ ফুটবলের দারুন সম্মোহনী ক্ষমতাকে ব্যবহার করে এসব দেশের ক্রমবর্ধমান মহামারী, যেমন: এইডস, যক্ষা, ম্যালেরিয়া, জাতিগত বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দেশের জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে সকল বৈষম্য দূর করে যুদ্ধপরবর্তী পুনর্গঠন ও জাতি গঠনের মধ্য দিয়ে সামগ্রিক উত্তরনের লক্ষে এই অর্থ ব্যয় করা হবে।
ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং ইইউ’র ‘ডেভেলপমেন্ট এ্যান্ড হিউম্যানেটেরিয়ান এইড কমিশন’ এর কর্মকর্তা লুই মিশেল এই চুক্তিতে স্বাক্ষর করেন।
মিশেল বলেন, ‘আমরা দরিদ্র মানুষের ফুটবল খেলার জন্য শুধুমাত্র এই বিপুল পরিমান অর্থ প্রদান করতে যাচ্ছি না। ফুটবল এমনই একটি খেলা যা অর্থ ও বিত্তহীন উভয় মানুষ এই চমৎকার ও আনন্দদায়ক খেলাটি খেলবে। আমরা যেটা করতে যাচ্ছি সেটি হলো, ফুটবলের মোহনীয় শক্তির মাধ্যমে এসব দেশের জনগনকে তাদের নিজস্ব উন্নয়নের প্রতি সচেতন করে তোলা’।
