নির্বাচনকে সামনে রেখে টাটার বিনিয়োগ নিয়ে এখনই সিদ্বান্ত দিতে চায় না জোট সরকার
আকর্ষণীয় মনে করলেও রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় রেখে ভারতীয় শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটার ৩০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে এখনই চূড়ান্ত সিদ্বান্ত দিতে চায় না বিএনপি -- জামাত জোট সরকার।
টাটা গ্র“পের একটি প্রতিনিধি দল রোববার দিনভর কয়েকজন মন্ত্রী এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করলে সরকারের পক্ষ থেকে এমন আভাস দেওয়া হয় যে, পরবর্তী সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করবে।
টাটা প্রতিনিধি দল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া, জামাত প্রধান ও শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী এবং টাটার প্রস্তাব নিয়ে বাংলাদেশের নেগোসিয়েশন কমিটির প্রধান ও যোগাযোগ সচিব জাকির হোসেনের সঙ্গে পৃথকভাবে বৈঠকে মিলিত হয়।
টাটা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেগোসিয়েশন গ্র“পের প্রধান এবং টাটা সন্স এর নির্বাহী পরিচালক এলান রোজলিং। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে প্রস্তাবিত স্টিল প্রকল্পের প্রধান ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আবাসিক পরিচালক সৈয়দ মানজার হোসেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোজলিং জানান, সিদ্ধান্তের জন্যে আর অপেক্ষা করা সম্ভব নয়। তবে সোমবার বিনিয়োগ বোর্ড প্রধানের সাথে বৈঠকের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
তিনি দাবি করেন, রোববারের বৈঠকগুলোতে তারা বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথাই জেনেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্বান্ত যাই হোক সরকারের উচিত আমাদেরকে তা জানিয়ে দেওয়া।
সাইফুর রহমান বলেন, কিছু মতভিন্নতা থাকলেও এখনো এটি ভালো প্রস্তাব। তবে প্রকল্পটির সঙ্গে তিনি এখন আর জড়িত নন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারবেন না।
আবদুল মান্নান ভূঁইয়াও বলেন, এটি ভালো প্রস্তাব। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিরোধীদলের অবস্থান জানাও জরুরি। তবে, অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার সাথে আসন্ন নির্বাচন সম্পর্কিত নয়।
মতিউর রহমান নিজামী বলেন, সরকারের সবাই মনে করে টাটার বিনিয়োগ প্রস্তাবটি ভালো। তবে, আগামী নির্বাচনের আগে এ ব্যাপারে সিদ্বান্ত নেওয়া কঠিন।
টাটা প্রতিনিধিদল সোমবার সকালে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমনের সঙ্গে বৈঠক করবেন।
ইতোমধ্যে টাটার পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও বৈঠকের সময় চাওয়া হয়েছে।
