২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ৩৫ বছরেও রাজস্ব খাতে স্থানান্তর হয়নি চাকরি

সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে কর্মরত ১২৫ জন কর্মচারির চাকরি দীর্ঘ ৩৫ বছরেও রাজস্ব খাতে স্থানান্তর হয়নি। এদের মধ্যে ১০৯ জন কর্মচারি ২০ থেকে ৩০ বছর পর্যন্ত ওই অফিসে কর্মরত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সরকারের উচ্চ পর্যায় থেকে দেওয়া কয়েক দফা সিদ্ধান্ত ও সুপারিশ কার্যকর না হওয়ায় অবসরে যাওয়া এসব কর্মচারি গ্রাচুইটিসহ অবসর সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন।

বঞ্চিত কর্মীদের নেতা খোরশেদ আলম বিডিনিউজকে জানান, সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের ভাগ্য আটকে গেছে। এ অবস্থায় একজন কর্মী মারা গেলেও কোনো সুযোগ-সুবিধা পাচ্ছে না। তিনি বঞ্চিত কর্মীদের ভাগ্য পরিবর্তনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এসব কর্মচারিকে রাজস্ব খাতে স্থানান্তর করা উচিত। রহস্যময় কারণে দীর্ঘদিনেও তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জানা যায়, কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে কর্মরত বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের আনা নেওয়ার কাজে নিয়োজিত ‘স্টাফ বাসে’ মোট ১২৫ জন কর্মী নিয়োজিত রয়েছেন।

এদের মধ্যে রয়েছে- বাসচালক, সহকারি, সুপারভাইজার, মেকানিক, সহকারি মেকানিক, টিকেট চেকার, টাইম কিপার ও দারোয়ান। এদের মধ্যে ১০৯ জনই ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত এসব পদে কাজ করছেন।

সূত্র জানায়, স্বাধীনতা পরবর্তী সময়ে উন্নয়ন প্রকল্পের আওতায় এসব পদ সৃষ্টি হয়। নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারি এরপর থেকেই প্রকল্পের আওতায় কাজ করে আসছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রকল্পটি বোর্ডে পরিণত হলেও এর কর্মচারিদের চাকরি সরকারি হয়নি। প্রতিবছর উন্নয়ন প্রকল্পের নামে থোক বরাদ্দ থেকে তাদের বেতন-ভাতাদিসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা হয়।

সূত্র আরো জানায়, স্টাফ বাসের কর্মীদের চাকরি সংক্রান্ত সুপারিশ প্রণয়নে ’৭৯ সালে গঠিত কমিটির ’৮১ সালে দেওয়া সুপারিশে তাদের চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ’৮৪ সালে তৎকালিন কর্মচারি কল্যাণ পরিদপ্তর তাদের চাকরি সরকারি করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে সুপারিশ করে। কিন্তু তা বিবেচনা করা হয়নি।

’৯০ সালে পরিদপ্তর থেকে পূনরায় পাঠানো প্রস্তাবে এসব কর্মীর চাকরি সরকারি করা হলে বাড়তি ব্যয়ের প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়। পরে আরো দু’দফা সুপারিশ পেয়ে সংস্থাপন মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতে স্থানান্তরে সম্মতি দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।