বিদ্যুতের দাবিতে যশোর-মাগুরা সড়কে অবরোধ, ৫ কিমি সড়কে কয়েক হাজার যানবাহন আটকা
বিদ্যুতের দাবিতে শুক্রবার শহরতলির পাঁচবাড়ীয়া আমতলায় যশোর-মাগুরা সড়কে কয়েকটি গ্রামের কয়েক শ লোক অবরোধ সৃষ্টি করে। দুই ঘন্টা স্থায়ী এ অবরোধ চলাকালে বাহাদুরপুর থেকে মনোহরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।
অবরোধ চলাকালে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, শহরতলির বাহাদুরপুর, হাশিমপুর, মনোহরপুর, পাঁচবাড়ীয়া প্রভৃতি এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা যখন পিডিবির হাতে ছিল তখন তারা শান্তিতেই ছিলেন। কিন্তু বিতরণ ব্যবস্থা পল্লী বিদ্যুতের হাতে যাওয়ার পর থেকে তারা সীমাহীন লোডশেডিংয়ের কবলে পড়েছেন। অথচ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে আগের চেয়ে বেশি। তারা অবিলম্বে শহরতলির সব অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পিডিবির হাতে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও বিকেলে শহরের ভৈরব শহীদ চত্বরে সমাবেশ এবং প্রতি শুক্রবার যশোর-মাগুরা সড়কে দু’ঘন্টা করে অবরোধ।
সমাবেশে সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান মৃদুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর চেম্বারের সভাপতি শহিদুল ইসলাম মিলন, আনোয়ারুল কবীর নান্টু, আব্দুল মান্নান, মশিয়ার রহমান, আক্তারুজ্জামান, সাজ্জাদ হোসেন নান্নু প্রমুখ।
