শনিবার থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারিদের অনির্দ্দিষ্টকালের ধর্মঘট
বেসরকারি শিক্ষক কর্মচারিদের ১১টি সংগঠনের জোট জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট শনিবার থেকে দেশের সবগুলো স্কুল, কলেজ ও কারিগরি ইনস্টিটিউটে ধর্মঘট আহ্বান করেছে।
এক যৌথ বিবৃতিতে ফ্রন্ট নেতারা ধর্মঘট সফল করতে শিক্ষক-কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট এ কর্মসূচি আহ্বান করে।
তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- বেতন বৃদ্ধি, সহকারি ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি এবং কর্মচারিদের জন্য চাকরি বিধিমালা প্রণয়ন।
বিবৃতিতে সাক্ষরকারীরা হলেন শেখ আমানুল্লাহ, কামরুজ্জামান খান, কাজী ফারুক আহমেদ ও আজিজুল ইসলাম।
এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শিক্ষক - কর্মচারিদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে।
আওয়ামী লীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্টের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
