২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভোটার তালিকা তৈরিতে সাড়া মিলছে না

পার্বত্য জেলা বান্দরবানে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি অনুযায়ী জেলা শহরে কিছু ভোটার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসে গিয়ে ফরম সংগ্রহ করলেও পুরো জেলায় আশানুরূপ সাড়া মিলছে না।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নির্বাচন অফিস ও প্রশাসন ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য শহরে মাইকিং করলেও প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কোনো উদ্যোগ না নেয়ায় এ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

নানা জটিলতার পর নতুন ভোটার তালিকা তৈরির কর্মসূচি বাতিল হওয়ার পর গত ১ জুলাই থেকে নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে। জেলা শহরে কিছু লোক তালিকাভুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে গিয়ে ফরম সংগ্রহ করলেও উপজেলা ও জেলা সদরের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কোন তৎপরতা চোখে পড়েনি।

বিভিন্ন এলাকার লোকজনের সাথে আলাপ করে জানা গেছে, তারা এখনও নতুনভাবে ভোটার তালিকা তৈরির বিষয়ে অবহিত নন। তাদের এলাকায় কোনো কর্মকর্তা বা কর্মী যায়নি। তাদের মতে, হালানাগাদ ভোটার হওয়ার বিষয়টি অধিকাংশ ভোটারই বুঝতে পারছে না। কোথায় গিয়ে ভোটার হবেন তা না জানায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে তালিকাভূক্ত হতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন।

তবে ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তার কার্যালয়ে এসে অনেকেই ফরম পূরণ করছেন। প্রথম দুদিন আশানুরূপ লোক ফরম সংগ্রহ না করলেও গত তিন দিনে প্রায় ৫০০ ফরম বিলি হয়েছে।

তিনি জানান, প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়েও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ পুরোদমে শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট সহকারি রেজিস্ট্রশন কর্মকর্তার অফিসে গিয়ে ভোটারদের ফরম সংগ্রহ ও পূরণ করার জন্য শহরে মাইকিং করা হয়েছে।