শিরোপা পুনরুদ্ধারে প্রস্তুত ইটালি ও ফ্রান্স
ফ্রান্স এবং ইটালির মধ্যেকার ফাইনালের মধ্য দিয়ে রোববার বিশ্বের বৃহত্তম ফুটবল আসর ফিফা ওয়ার্ল্ড কাপের যবনিকাপাত ঘটতে যাচ্ছে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম এই ফাইনালের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। কিন্তু শেষ হাসিটা কাদের মুখে থাকছে- ইটালি নাকি ফ্রান্সের!
ফ্রান্স ও ইটালি উভয় দলই তাদের শিরোপা পুনরুদ্ধারের লড়ায়ের জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে ইটালি দীর্ঘ ২৪ বছর পর কাপ জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে ৯৮’ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর।
এই ফাইনালের মধ্য দিয়ে আস্তর্জাতিক ফুটবল অঙ্গনকে বিদায় জানাতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক জিনেদিনে জিদান, সতীর্থ ডিফেন্ডার লিলিয়েই থুরাম আর ফ্যাবিয়েন বার্থেজ।
অথচ জিদান কিন্তু আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। আস্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নিয়ে শেষ কটা বছর রিয়াল মাদ্রেদের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফুটবলকে আরো কিছু দেবার ছিল এই বর্ষীয়ান প্লে মেকারের। তাই ফ্রান্সের যখন বিশ্বকাপে আসাই অনিশ্চিত হয়ে যাচ্ছিল ঠিক সেসময়ে দেশের স্বার্থে অবসর থেকে ফিরে এলেন জিদান। বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচগুলোতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফ্রান্সের জার্মানিতে খেলা নিশ্চিত করেন তিনি। এখন তার বিদায়কে স্বরনীয় ও মধুর করে রাখার জন্য পুরো ফ্রান্স দল তাদের প্রাণ উজাড় করে খেলবে তাতে কোনো সন্দেহ নেই।
তবে ইটালিকে হারিয়ে কাপ জয় করতে হলে ফ্রান্সকে যে কাজটি করতে হবে তা কিন্তু এবারের আসরে কোনো দলই করে দেখাতে পারেনি। আর সেটি হলো ইটালির জালে বল ঢোকানো। হ্যা, এই পর্যন্ত ৬ টি ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১১ টি বল ঢুকিয়েছে আজ্জুরিরা। আর কোনো প্রতিপক্ষ দলই ইটালির জালে বল ঢোকাতে পারেনি। এই অসাধারন নৈপুণ্যের মধ্যে কলঙ্ক হয়ে আছে ক্রিশ্চিয়ান জ্যাকার্ডো’র আত্মঘাতী গোলটি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলায় জ্যাকার্ডো’র এই আত্মঘাতী গোলের কারনেই আসরে তাদের একমাত্র ড্র করে ইটালি।
ইটালির অধিনায়ক ও ডিফেন্সিভ নিউক্লিয়াস ফ্যাবিও ক্যান্নাভারো কিন্তু সরাসরি প্রতিশোধের কথাই উচ্চারণ করলেন। ৯৮’ আসরে কোয়ার্টারফাইনালে ইটালিকে হারিয়েই সেবার কাপ জয়ের পথে এগিয়ে যায় ফ্রান্স। এখনকার অভিজ্ঞ ফ্যাবিও সেই খেলায় ছিলেন তরুন ডিফেন্ডার। আর সেই হারের যন্ত্রণা এখোনো ভুলতে পারেননি তিনি। তাই ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মধুরতম প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ইটালিয়ান অধিনায়ক ফ্যাবিও।
কিন্তু আজ্জুরিরা খুব ভালো করেই জানে, তাদের শিরোপা জয়ের স্বপ্নে একটাই বাধা রয়েছে। আর এই বাধার নাম জিনেদিনে জিদান। হ্যা, ফরাসি এই প্লে মেকার তার ক্যারিয়ারের শেষ ক্ষনে এসে যে দ্যুতি ছড়াচ্ছেন তাতে দুই যুগ পর ইটালির কাপ জয়ের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই এই অসাধারন মিডফিল্ডারের উপর আজ্জুরিরা নিঃসন্দেহে কড়া নজর রাখবে।
