রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার বিকেলে দায়িত্বভার গ্রহণ করেছেন
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার বিকেলে দায়িত্বভার গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবারই বঙ্গভবনের এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি রোববার থেকে অফিস করবেন।
এদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহম্মেদ সংসদে বলেন, রাষ্ট্রপতি ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। এ নিয়ে বিরোধী দলের উদ্বেগের কিছু নেই।
আওয়ামী লীগ সাংসদ অ্যাডভোকেট রহমত আলী পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করলে মওদুদ বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার একটি মেডিক্যাল বোর্ড রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পরীক্ষা করে তার স্বাস্থ্য নিয়ে সন্তোষ প্রকাশ করে বলে বার্তায় উল্লে¬খ করা হয়।
রষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিক্যাল বোর্ড সন্তোষ প্রকাশ করেছেন।
মেডিক্যাল বোর্ডের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি এখন সুস্থ। তার ‘কার্ডিয়াক স্ট্যাটাস’ সন্তোষজনক।
মেডিক্যাল বোর্ড রাষ্ট্রপতিকে হালকা কাজ এবং সীমিত দর্শনার্থীর সাথে মিলিত হওয়ার অনুমোদন দিয়েছে বলেও বার্তায় উলে¬খ করা হয়।
এতে বলা হয়, বোর্ড তাকে বর্তমান চিকিৎসা চালিয়ে যাওয়ার এবং তিন সপ্তাহ পর আবারো স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছে।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এমএ মালিকের নেতৃত্বে অধ্যাপক কেএমএইচএস সিরাজুল হক, অধ্যাপক সুফিয়া রহমান, মেজর জেনারেল এমএ মুয়ীদ সিদ্দিকী, মেজর জেনারেল এমজি রব্বানী, কর্নেল এসকে মো. বাহার হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর রাষ্ট্রপতিকে গত ২৪ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৬ মে তার বাইপাস সার্জারি হয়। তিনি ২০ জুন দেশে ফিরে সিএমএইচ--এ অবস্থান করে ২৪ জুন বঙ্গভবনে ফিরে আসেন।
এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করতে চান।
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সেলিমা খাতুন রাষ্ট্রপতির সচিবের কাছে পাঠানো এক পত্রে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের জন্যে সুবিধামতো সময়সূচি নির্ধারণের আবেদন জানান।
রাষ্ট্রপতি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরও দায়িত্বভার গ্রহণ না করায় এরই মধ্যে বিরোধী দলীয় নেতার তীব্র সমালোচনা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।
আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বুধবার জাতীয় সংসদের বৈঠকে বলেছেন, আমরা রাষ্ট্রপতির সঠিক শারীরিক অবস্থা জানতে চাই।
রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।
একইদিন সিএমএইচে শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া আর কাউকে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তার অবর্তমানে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় এবং বৃহস্পতিবার পর্যন্ত তিনি সেই দায়িত্বই পালন করেন।
