নোয়াখালীতে হাজার জনতার সামনে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে উন্মুক্ত মঞ্চে হাজার জনতার সামনে বৃহস্পতিবার ২০০৬--২০০৭ সালের বার্ষিক পরিকল্পনা ও বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদ সচিব তাজুল ইসলাম ২৩ লাখ ৩৮ হাজার পাঁচশ টাকার এ বাজেট ঘোষণা করেন। উপস্থিত জনতার বাজেটের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান মনির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা এনআরডিএস’র প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, এ্যকশনএইড বাংলাদেশের কর্মকর্তা মাহবুবুল বারী। এসময় সরকারের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও সমবায়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
চরওয়াপদা ইউনিয়ন পরিষদ বাজেট নিয়ে মাসব্যাপী ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে। তাদের মতামতের ভিত্তিতে তৈরি খসড়া বাজেট চূড়ান্ত করার জন্যে জনসম্মুখে উপস্থাপন করা হয়। এ প্রক্রিয়ায় সহযোগিতা করে এনআরডিএস ও এ্যকশন এইড বাংলাদেশ।
