কুষ্টিয়ায় পান্না বাহিনীর তিন দুর্ধর্ষ ক্যাডার নিহত
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মাঠে নাটোর, পাবনা, কুষ্টিয়া ও রাজশাহীর ত্রাস পান্না বাহিনীর তিনজন দুর্ধর্ষ ক্যাডারকে বুধবার রাতে একই বাহিনীর সদস্যরা কুপিয়ে ও গুলি করে হত্যা করা করেছে।
নিহতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় গ্রামের মাকু সর্দারের ছেলে বিপ্লব (৩৫), ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত ময়েন উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে ভুট্টো (২০) ও একই গ্রামের মছের উদ্দিনের ছেলে মুক্তার হোসেন ওরফে মুকা (৪২)।
পুলিশ জানায়, বাহিনীর সদস্যরা কৌশলে তিনজনকে জুনিয়াদহ মাঠে ডেকে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পুলিশ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মাসে রাজশাহীতে পান্না বাহিনীর প্রধান পান্না র্যাবের এনকাউন্টারে নিহত হওয়ার পর বিপ্লব বাহিনীর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে দলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
পুলিশের ধারণা এ বিরোধের জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত লাশের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
