সাভারে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু
সাভার উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দিন ও মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় চারজনের মৃত্যু ঘটেছে।
নিহতরা হলো-- আশরাফ (৩৩), আ. রাজ্জাক (৩২), মো. রফিক (৩২) এবং অজ্ঞাত এক ব্যক্তি।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল ৮টায় সাভারের আশুলিয়া থানার টঙ্গীর বাইপাইল সড়কের বগাবাড়ি বাজার বাসস্ট্যান্ডের কাছে পালকী পরিবহনের (রাঙ্গামাটি--জ--০০১৯) দ্রুতগামী একটি বাসের চাপায় পথচারী আশরাফ নিহত হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এর আগে ভোর ৫টার দিকে ঢাকা--আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। পুলিশ বাসটি আটক করতে পারেনি।
এদিকে মঙ্গলবার রাতে ঢাকা--আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় পথচারী মো. রফিক নিহত হয়।
অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে পারিবারিক কলহের জের ধরে আইচা--নোয়াদ্দা এলাকার বাসিন্দা আব্দুল বাথরুমের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় সাভার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
