২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঠিকাদারী কাজ নিয়ে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষ, আহত ৫০

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজারে ঠিকাদারী কাজের ভাগ বাটোয়ারা নিয়ে বুধবার সকালে জেলা ছাত্রদল সভাপতি ও স্থানীয় এক যুবদল নেতার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

হামলা পাল্টা হামলায় শতাধিক দোকান পাট ভাংচুর ও লুটপাট হয়। পুলিশের এসআই জিতেন দাসসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সড়ক ও জনপথের শেরপুর--জামালপুর পোড়া দোকান এলাকার বন্যা বিধ্বস্ত একটি কজওয়ের মেরামতের জন্যে ১৫ লাখ টাকার কাজ প্রাথমিকভাবে নেত্রকোনার একজন ঠিকাদারকে দেওয়া হয়। 

কিন্তু শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজটি হাতিয়ে নিয়ে কাজ শুরু করেন। এ কাজেরই নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে শিমুলতলী গ্রামের যুবদল নেতা সুলতানের সঙ্গে মাসুদের দ্বন্দ্ব দেখা দেয়।

এরই জের ধরে দু’জনের সমর্থকদের মধ্যে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রায় তিন ঘন্টা শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বেলা সাড়ে ১২টার দিকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগম ও পুলিশ সুপার (সার্কেল) আমির জাফরের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।