বঙ্গোপসাগরে নিখোঁজ ৩৫৭ জন জেলে ফিরে এসেছে, ৫২ জনের হদিস মেলেনি এখনও
শনিবার রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের মধ্যে বুধবার দুপুর পর্যন্ত ৩৫৭ জন জেলে ফিরে এসেছে। ৫২জন জেলে এখনও নিখোঁজ রয়েছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, যাদের সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে সেই ১৬ জন জেলের সন্ধান এখনও পাওয়া যায়নি। তাদের খোঁজে যাওয়া এফবি লেচু শাহ ট্রলারটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ফিরে আসেনি।
শনিবার রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ৩৩টি মাছ ধরা ট্রলারসহ চার শতাধিক জেলে নিখোঁজ হয়। এফবি জহির ট্রলারের মাঝি আলাল হোসেন ১৬ জন জেলের সলিল সমাধির কথা নিশ্চিত করলেও চার দিনে তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তাদের লাশ ভারতীয় সীমানায় চলে গেছে।
এফবি সাগর কন্যা, বিসমিল্লাহ, আরাফাত ও শাহজাহানসহ চারটি ট্রলার ৫২জন জেলে নিয়ে নিখোঁজ রয়েছে।
