বিশ্বকাপকে কেন্দ্র করে জার্মানিতে নারী পাচারের ঘটনা বাড়েনি
জার্মানিতে এবারের ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন শহরগুলোতে নারী পাচার ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে।
জার্মানিতে ৯ জুন বিশ্বকাপ শুরুর আগে নারী পাচার বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, পূর্ব ইউরোপ থেকে হাজার হাজার অজার্মান নারীকে বিশ্বকাপ চলাকালীন জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হতে পারে। তবে শেষপর্যন্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ফর মাইগ্রেশন (আইওএম) এবং সুইডিশ ইন্টান্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি’র (এসআইডিসি) গবেষণায় এ আশংকা মিথ্যা প্রমাণিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, জার্মানির পুলিশবাহিনী এবং পূর্ব ইউরোপ ও জার্মানিতে কর্মরত নারী পাচাররোধকারী ২০টি সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করেই তারা এ ইতিবাচক ব্যাপারটি বের করেছেন। তবে আইওএম এবং এসডিসিএ এ ব্যাপারে আগামী সেপ্টেম্বরে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে।
জেনেভাভিত্তিক সুইডেনের সাহায্য সংস্থা আইওএম এই অভাবনীয় সাফল্যের জন্য জার্মান পুলিশের প্রতিরোধমূলক পূর্বপ্রস্তুতি এবং সেদেশে কর্মরত নারীপাচার বিরোধী সংস্থাগুলোর সচেতন কর্মকাণ্ডের প্রশংসা করেছে।
গবেষকরা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন প্রশাসন এবং ভ্যাটিকান নগর কর্তৃপক্ষের চাপের মুখে আসরের আগে থেকেই জার্মানির বিভিন্ন পতিতালয় ও ‘সেক্স শপ’গুলোতে নারীপাচার বিরোধী অভিযানের ফলেই নারী পাচারের ঘটনা তেমন উল্লেখযোগ্যহারে বাড়েনি।
জার্মানিতে পতিতাবৃত্তি বা দেহব্যবসা সরকারিভাবে স্বীকৃত এবং বৈধ একটি ব্যাপার। প্রায় চার লাখ রেজিস্ট্রিকৃত যৌনকর্মী জার্মান সরকারকে কর প্রদান করে থাকে এবং দেশের যাবতীয় নাগরিক সুবিধা ভোগ করে থাকে। তবে অবাধ যৌনাচারের এই দেশে জোরপূর্বক কাউকে দেহব্যবসায়ে বাধ্য করা একদমই বৈধ নয়।
