আগামী সপ্তাহে শেষ চেষ্টা করবে টাটা
বাংলাদেশে ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটার তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব বিলম্বিত হওয়ায় তাদের ধৈর্য্যচ্যুতি ঘটেছে। বর্তমান সরকার ক্ষমতা ছাড়ার আগে তারা চুক্তির ব্যাপারে আগামী সপ্তাহে শেষ চেষ্টা চালাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাটা সন্সের নির্বাহী পরিচালক অ্যালান রোসলিং এর ১০ জুলাই ঢাকা আসার কথা রয়েছে। তিনি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
সূত্র জানায়, টাটা আগামী সপ্তাহের বৈঠকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়।
সমঝোতা প্রক্রিয়ার সাথে জড়িত অপর একটি সূত্র জানায়, ইস্পাত কারখানা, ইউরিয়া সার কারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে টাটার বিনিয়োগ প্রস্তাবে সরকার রাজি হলে টাটা খুশি হবে।
সম্প্রতি মিত্তাল আর্সেলরের মালিকানা গ্রহণ করার মাধ্যমে টাটাকে এমন এক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে যেখানে বাংলাদেশের ব্যাপারে টাটাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
টাটার বিনিয়োগ প্রস্তাবে বাংলাদেশে বার্ষিক ২ দশমিক ৪ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইস্পাত কারখানা, এক মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইউরিয়া কারখানা, ৫০০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ৩৫০ মেগাওয়াটের গ্যাসবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।
আন্তর্জাতিক একটি বার্তাসংস্থা মঙ্গলবার জানায়, সময়সীমা অতিবাহিত হয়ে গেলেও বাংলাদেশ সরকারের সাথে টাটা চুক্তি সম্পাদনের এখনও হাল ছাড়েনি।
টাটা সন্সের নির্বাহী কর্মকর্তা অ্যালান রসলিং বলেন, আমরা আশাবাদী, তবে পরিস্থিতি সম্পর্কে আমরা বাস্তববাদী। বাংলাদেশে প্রকল্প উন্নয়নের জন্য ইতোমধ্যে আমারা অনেক সময় ও অর্থ ব্যয় করেছি।
তিনি আরও বলেন, অন্যদিকে, দীর্ঘসূত্রিতার কারণে আমরা যেমন হতাশ হয়ে পড়েছি, তেমনি আমরা এই গতির সঙ্গে অভ্যস্তও।
বাংলাদেশ সরকারের সাথে টাটা ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করে চলেছে এবং বিকল্প বিষয়গুলো পর্যালোচনা করছে বলেও তিনি জানান।
তিনি বলেন, সরকার আরও সময় নিলে আমাদের প্রতিশ্র“তির পর্যায়টিও একইরকম থাকবে না। আমাদের অন্যত্র যাওয়ার জায়গা আছে।
বাংলাদেশে টাটাই বৃহত্তর একক বিনিয়োগকারী। ১৯৭২ সালের দেশ মোট যে পরিমাণ বিনিয়োগ পেয়েছিল টাটার প্রস্তাবিত বিনিয়োগ তার সমান।
মাহমুদুর রহমান বলেন, আমরা তাদের হতাশার বিষয়টি অস্বীকার করছি না। তবে বাস্তবতা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাত্র তিন মাস আগে সরকারের পক্ষে একটি জটিল ও বৃহত্তম বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন হবে।
