তেলের দাম বাড়াতে আইএমএফ’র পরামর্শ প্রত্যাখান করেছেন সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার আর্ন্তজাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট রাজস্ব ক্ষতি পুষিয়ে উঠতে আগামীতে পুণরায় পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত আইএমএফ’র একটি প্রস্তাব প্রত্যাখান করেছেন।
সাইফুর রহমান তার কার্যালয়ে আর্ন্তজাতিক অর্থ তহবিল (আইএমএফ)’র আবাসিক প্রতিনিধি জোনাথন সি দুনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই মূহূর্তে মূল্যবৃদ্ধি করা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, পরবর্তী মূল্যবৃদ্ধি জিডিপি লক্ষমাত্রা অর্জন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।
সরকার মুদ্রা ব্যবস্থার জন্য বিকল্প পথ বের করতে চিন্তা ভাবনা করছে বলেও তিনি উল্লেখ করেন।
সাইফুর রহমান বলেন, ব্যায় হ্রাস করে উন্নয়ন প্রকল্পগুলোকে তিনি অগ্রাধিকার দিবেন।
আইএমএফ আবাসিক প্রতিনিধি মন্ত্রীকে বলেন, পেট্রোলিয়ামজাত পণ্যের সাম্প্রতিক মূল্য সমন্বয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র ক্ষতি পুষিয়ে উঠতে পর্যাপ্ত নয়।
ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে বিপিসি এলসি খুলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শক্তিশালী করার জন্য জোনাথন সি দুন মন্ত্রীকে পরামর্শ দেন।
আইএমএফ’র পরামর্শের জবাবে সাইফুর রহমান বলেন, সমস্যাটি সমাধানের উপায় বের করতে আমরা অনুসন্ধান চালাচ্ছি। আমরা বর্তমানে এনবিআরকে শক্তিশালীকরণ প্রক্রিয়ার মধ্যেও রয়েছি।
রুপালী ব্যাংক বেসরকারিকরণ প্রক্রিয়া বিষয়েও আইএমএফ আলোচনা করে বলে মন্ত্রী জানান।
তিনি জানান, সরকার ৬--৭ জুলাইয়ের মধ্যে একটি ক্ষুদ্র ঋণ রেগুলেটারি কমিশন গঠন করতে যাচ্ছে।
এ বছর কালো টাকা সাদা করার পরিমাণ আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি ছিলো বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
