ফ্রান্সের পক্ষের জয়ের ইতিহাসকে নতুন করে লিখতে চায় পর্তুগীজ দল
বিশ্বকাপ ফুটবল আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। উভয় দলের জন্য ফাইনালে যাবার হাতছানি। পর্তুগালের জন্য হাতছানি প্রথমবারের মতো শিরোপা জয়ের আর ফ্রান্সের জন্য শিরোপা পুনরুদ্ধারের। আর এই যুদ্ধে ফ্রান্সের জয়ী হবার পাল্লাই ভারী । অন্তত ইতিহাস তাই বলে।
হ্যাঁ, পর্তুগীজদের বিরুদ্ধে ফরাসিদের ইতিপূর্বের জয় - পরাজয়ের ইতিহাস পুরোটাই ফ্রান্সের পক্ষে। দু পক্ষের ম্যাচ হয়েছে চারটি এবং চারটিতেই জয় পেয়েছে ফ্রান্স। আর এই জয়ের মধ্যে সেরা জয়টি সহজেই নির্ধারণ করা যায়। ২০০০ সালের ইউরো কাপের সেমিফাইনালে ফিগো আর ডেকো’র পর্তুগালকে হারিয়েই ফাইনালে ওঠে ফ্রান্স। অবশ্যম্ভাবীভাবে চ্যাম্পিয়নও হয় তারা।
এই জয়ের বেশ আগে ১৯৮৪ সালের ইউরো কাপে ফরাসি কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনি পর্তুগীজদের বিরুদ্ধে অবিস্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন। খেলার অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করে ৩ -- ২ গোলে ফ্রান্সকে জিতিয়েছিলেন প্লাতিনি। আর তারই যোগ্য উত্তরসূরী জিনেদিনে জিদান পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে হারিয়ে ইউরো ২০০০ এর ফাইনালে নিয়েছিলেন ফ্রান্সকে।
কিন্তু পর্তুগীজদের বিপক্ষে তাদের জয়ের ইতিহাসকে মোটেই ধর্তব্যে আনছেন না ফরাসি কোচ রেমন্ড ডমিনিক । তিনি খুব ভালো করেই জানেন ইতিহাস ও মাঠের বাস্তবতার মধ্যেকার বিস্তর ফারাকের কথা। পর্তুগীজদের হারনোর সম্ভাব্য সকল উপায় নিয়ে এখন তিনি চিন্তামগ্ন। তবে পর্তুগীজদের হারিয়ে ফাইনালে ওঠার চিন্তা তিনি করতেই পারেন। কেননা জিদান এই মুহুর্তে তার পারফরমেন্সের উত্তুঙ্গে। দ্বিতীয় রাউন্ডের দুটি খেলাতেই বিদায় বেলার প্রচন্ড জ্বলে ওঠার মতোই দ্যুতি ছড়িয়েছেন এই বর্ষীয়ান প্লে মেকার। সেই সাথে থিযেরি অঁরি, রিবেরি’র মতো বিশ্বখ্যাত ফুটবলাররা তাদের মেলে ধরতে সক্ষম হয়েছেন। আর আন্তর্জাতিক অঙ্গণ থেকে জিদান ও থিয়েরি অঁরি’র বিদায়টা স্মরণীয় করে রাখতে পুরো দলই তাদের সর্বস্ব দিয়ে লড়তে প্রস্তুত।
আসরের শুরুতে পর্তুগীজ কোচ লুই ফিলিপ স্কলারি বলেছিলেন তার দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারলেই তিনি সন্তুষ্ট থাকবেন। সেক্ষেত্রে হয়তো প্রত্যাশারও বেশি কিছু পেয়ে গিয়েছেন স্কলারি। ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩ -- ১ গোলে হারিয়ে তার দল এখন সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি।
দলের এই পারফরমেন্সে খুশী হয়ে পর্তুগীজ ডিফেন্ডার মিগুয়েল আত্মবিশ্বাসের সাথে জানালেন, ‘আমরা সেমিতে খেলার যোগ্য একটি দল। আমরা পুরোপুরি নিজেদের যোগ্যতায় সেমিফাইনাল পর্যন্ত এসেছি। ৯৮’এর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সকে আমরা সমীহই করি। কিন্তু জিদানদের বিপক্ষে আমাদের জয়ের ইতিহাস আমরা ধর্তব্যেই আনছিনা। আসরের এই পর্যন্ত আমরা যথেষ্ট ভালো খেলেছি। আমাদের ভালো খেলার সময় এখোনো ফুরিয়ে যায়নি। আমরা ফরাসিদের বিরুদ্ধে মাঠে নামছি জয়ের জন্য এবং আমরা এবার জয় ছিনিয়ে আনবোই’।
আত্মবিশ্বাসী মিগুয়েল ফ্রান্সকে একটি বড় চ্যালেজ্ঞ হিসেবেই নিয়েছেন। ‘অনেকদিন পর কঠিন একটি চ্যালেজ্ঞের মুখোমুখি হয়েছি আমরা । সেই সাথে আমাদের জন্য তৈরি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হবার একটি সুবর্ণ সুযোগ। ৪০ বছর আগে ১৯৬৬ সালের আসরে সেমিতে খেলেছিলাম আমরা। আমাদের মূল লক্ষ্য এবারের ফাইনাল খেলা। দেখাই যাক সেখানে আমরা কি করতে পারি’ বললেন মিগুয়েল।
এদিকে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামছেন মিডফিল্ডার ডেকো। তার উপস্থিতি পর্তুগীজ দলে বাড়তি গতি সঞ্চার করবে নিঃসন্দেহে। দুটি হলুদ কার্ড দেখার কারনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি এই তারকা খেলোয়াড়। ডেকো’কে দলে পেয়ে দারুণ খুশী সতীর্থ মিগুয়েলঃ ‘ডেকো আমাদের দলের ম্যাজিকম্যান। বল পাস দেওয়ার এবং সতীর্থদের পাস বোঝার অসাধারণ দক্ষতা ওর রয়েছে’।
সেমিফাইনালে জয়ের মূল অস্ত্র হিসেবে ফ্রান্সের দূর্বল ডিফেন্সের উপর বাড়তি চাপের কথা বললেন মিগুয়েল। ফরাসিদের বিরুদ্ধে ব্রাজিলের হারের কারন হিসেবে মিগুয়েল জানালেন, ব্রাজিল মাঝমাঠ নিয়ন্ত্রণ করে খেলতে চেয়েছিল। কিন্তু জিদানদের দূর্বল রক্ষণভাগের ওপর আরো চাপ তৈরি করতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। ফরাসিদের ফুলব্যাক যথেষ্ট দূর্বল বলেই মনে করছেন মিগুয়েল। আর এই দূর্বল স্থানেই আঘাত হানতে চাইছেন পর্তুগীজ স্ট্রাইকাররা।
অন্যদিকে ফ্রান্স তাদের জয়ের পর মোটেই আত্মতৃপ্তিতে ভুগছেনা। প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল কতটা কঠিন তা খুব ভালোই জানে তারা। ফরাসি মিডফিল্ডার রিবেরি জানালেন, দল হিসেবে পর্তুগালের শক্তির কথাঃ ‘রোনাল্ডো, ডেকো, মিগুয়েল আর ফিগোদের দল এবার খুবই শক্তিশালী। ব্রাজিলের মতো এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে’।
তবে এক মূহুর্তের ভুলে হিসেব নিকেশের সমস্ত খাতা পুরোপুরি উল্টে যেতে পারে। যেমনটা ঘটেছে ব্রাজিল, আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ভাগ্যে। তবে এখন শুধু অপেক্ষার পালা। মধ্যেখানে একটি দিন। হয় ইতিহাসের জয়জয়কার নাহয় ইতিহাসের ভগ্নপাতায় নতুন এক ইতিহাসের সূচনা। দেখাই যাক ফিগো, রোনাল্ডো, মিগুয়েল আর ডেকো’র পর্তুগাল ফ্রান্সের বিপক্ষে তাদের সেই নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা।
