লালমনিরহাটে হরতাল চলাকালে ১৪ দল ও চারদলীয় জোটের ধাওয়া--পাল্টা-ধাওয়াড ওসিসহ ১৫জন আহত
১৪ দলের ডাকা হরতাল চলাকালে মঙ্গলবার লালমহিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় হরতাল সমর্থকদের সাথে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা-ধাওয়ায় স্থানীয় থানার ওসিসহ উভয় দলের কমপক্ষে ১৫জন আহত হয়েছে।
এছাড়াও সারাদিন বেশ কয়েকটি বিছিন্ন দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১১টায় উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে ১৪ দলের মিছিলে বিএনপি ও পুলিশ যৌথভাবে হামলা চালালে ১৪ দলের নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া করে।
এতে গুরুতর আহত এসআই আনছার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাটগ্রাম শহরে অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়ন করা হয়েছে।
এছাড়াও হরতাল সমর্থনকারীরা লালমনিরহাট শহরের মিশন মোড়ে একটি মোটর সাইকেল ভাংচুর করে এবং লালমনিরহাট থেকে বুড়িমারী, পার্বতীপুর লাইনে চলাচলকারী ট্রেনটি বিডিআর লাইন সিগন্যালে আটকে দেয়।
সকালে কালীগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনকারীরা দোকান পাট ভাংচুর করে এবং রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের গতিরোধ করে। এক পর্যায়ে তারা রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা করলে পুলিশ ও বিডিআর-এর বাধার কারণে তা করতে ব্যর্থ হয়। এসময় লালমনিরহাট থেকে ঢাকা চলাচলকারী আন্তঃএক্সপ্রেস ট্রেন লালমনি এক্সপ্রেসসহ বিভিন্ন রুটে চলাচলকারী সকল ট্রেন বন্ধ ছিল।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট সদরে কুলাঘাট বাজারে বিএনপি কর্মীরা কুলাঘাট আ’লীগের সভাপতির দোকান ভাংচুর করে। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
