সিরাজগঞ্জে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত
সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে মঙ্গলবার সকালে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত: ৫০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের দিয়ারধানগড়া ও গয়া গোবিন্দ মহল্লাবাসীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে উভয় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।
উভয় মহল্লার কয়েকশ’ নারী - পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট - পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।
আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষের সময় ১০/১২টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। নতুন করে সংঘর্ষ এড়াতে উভয় মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
