১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রাজশাহী--রহনপুর--সিঙ্গাবাদ আন্তর্জাতিক রেললাইন
রাজশাহী--রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ পর্যন্ত আন্তর্জাতিক রেললাইনটি অবশেষে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬০ কোটি টাকা।
রাজশাহী রেলওয়ের প্রধান প্রকৌশলী নূরুল আমিন বিডিনিউজকে জানান, মেইন লাইন স্ট্যান্ডার্ড রূপান্তরের নিমিত্তে প্রকল্প প্রস্তুত করা হয়। গত ২২ জুন প্রস্তুতকৃত প্রকল্প প্রি--একনেকে পাস হয়ে অনুমোদনের জন্য একনেকে দাখিল করা হয়। চলতি অর্থ বছরেই কাজ শুরু হবে এবং ২০০৮ সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, রেললাইনটি নির্মিত হলে সরকার তথা বাংলাদেশ রেলওয়ের বর্তমানে এ পথ থেকে যা আয় হয় তা বৃদ্ধি পেয়ে তিনগুণ হবে। বর্তমানে এ পথে আমদানি--রপ্তানি বাণিজ্য থেকে আয় হয় বছরে প্রায় ৩০ কোটি টাকা।
স্থানীয় আমদানি--রপ্তানিকারকগণ জানান, স্ট্যান্ডার্ড লাইন স্থাপন করা হলে বাংলাদেশের জন্য তা অধিক লাভজনক হবে। কারণ স্থলপথে আন্তর্জাতিক এ লাইন দিয়ে যত কম খরচে ব্যবসা করা যাবে দেশের আর অন্য কোন পথে তা হবে না।
প্রায় দেড়শ’ বছর আগে নির্মিত এ রেলপথটিতে চলাচলকারী যাত্রী ও মালবাহী ট্রেন প্রায়ই দুর্ঘটনা কবলিত হয় এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
