২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণ পদোন্নতিতে ১৫৩ জন যুগ্ম সচিব, ৪ জন নতুন সচিব নিযুক্ত

সরকার সোমবার ১৫৩ জন উপ সচিবকে যুগ্ম সচিব হিসেবে গণ পদোন্নতি দিয়েছে। এছাড়া চারজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

অক্টোবরের শেষ নাগাদ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাত্র চার মাস আগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার পদোন্নতির এ নির্দেশ দিল।

সূত্র জানায়, পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিবদের নতুন নিয়োগ দেওয়ার আগে সংস্থাপন মন্ত্রণালয়ের সাথে যুক্ত রাখা হয়েছে।

এদিকে পদোন্নতি থেকে বাদ পড়া বেশ কয়েকজন উপ সচিব অভিযোগ করেছেন, তারা ‘রাজনীতির শিকার’ হয়েছেন।

বাদ পড়া এমন একজন উপ সচিব বলেন, যারা নগ্নভাবে বিএনপি জামাত জোট সরকারের কথা শুনেছে তাদেরকেই পদোন্নতি দেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০৯ জন অন্যদের ডিঙ্গিয়ে গণপদোন্নতি পেয়েছেন।

সচিব পদে যারা নিয়োগ পেলেন তারা হলেন: খান এম ইব্রাহীম হোসেন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব), আমিনুল ইসলাম ভূঁইয়া (স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব), আব্দুল হাই হাওলাদার (যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক), সিরাজুল ইসলাম (ট্যারিফ কমিশনের চেয়ারম্যান) এবং শেখ মোতাহার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব)।

সচিব হিসেবে তাদের মঙ্গলবার পোস্টিং দেওয়া হতে পারে।

অন্যদিকে সরকার পেট্রো বাংলার পাঁচটি পরিচালক পদের বিপরীতে জ্যেষ্ঠতা লংঘন করে তিনজনকে নিয়োগ দিয়েছে।

পেট্রো বাংলা সূত্র জানায়, যে তিনজন পেট্রোবাংলার পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন তারা হচ্ছেন: পরিচালক (অপারেশন)’র চলতি দায়িত্বে থাকা রহমান মুরশেদ, পরিচালক (অর্থ)’র চলতি দায়িত্বে থাকা মো. নজরুল ইসলাম এবং মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুর রইস সিদ্দিকী। 

যে দুজনকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন- জিএম মেজর (অব.) মুক্তাদির আলী ও মোহাম্মদ মকবুল ই ইলাহী।