২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশের নির্যাতনে বৃদ্ধা খুন: এসআই ও দুজন কনস্টেবল সাময়িক বরখাস্ত (১ম লিড)

সাভারের বিরুলিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া মহল্লায় রোববার রাতে পুলিশের নির্যাতনে এক বৃদ্ধার মৃত্যূর ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই ও দুজন কনস্টেবলকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত এসআই মোখলেছুর রহমানকে পরে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে এসে আটকে রাখা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযুক্ত দুই কনস্টেবল আলিম ও মুন্না পলাতক রয়েছে।

ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকালে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, বিরুলিয়া ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ (২৪) পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের মিকরাইল গ্রামের মিন্টু মিয়ার মেয়ে দিশারী আক্তার টুম্পাকে (১৮) আদালতে বিয়ে করেন। কিন্তু টুম্পার বাবা বিয়ে মেনে না নিয়ে জুয়েলকে আসামী করে সাভার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান রোববার রাত ৯টার দিকে সাদা পোশাকে তিনজন কনস্টেবল নিয়ে জুয়েলকে গ্রেফতার করতে যায়।

কিন্তু জুয়েলকে বাড়িতে না পেয়ে এসআই মোখলেছুর ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে জুয়েলের দাদী নয়ন বানুর মাথায় আঘাত করেন ও তার তলপেটে কয়েকটি লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এসআই এবং তিন কনস্টেবল পালিয়ে যায়। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংসদ সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম সালাহউদ্দিন নাগরীকেও বিষয়টি জানানো হয়েছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।