আজিমপুর কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ
আজিমপুর কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ সংক্রান্ত সকল কর্মকাণ্ড বন্ধ রাখার জন্যে হাইকোর্ট সোমবার নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের বিচারপতি মো. জয়নাল আবেদীন ও মাশুক হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন পাঁচজন বিবাদীকে কেন কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে কারণ দর্শানোর জন্যে রুল নিশিও জারি করেন।
এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা সিটি কর্পোরেশন, এর প্রশাসনিক কমকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং লালবাগ থানা অফিসার-ইন-চার্জ (ওসি) কে বিবাদী করে এই মামলা করা হয়েছে।
কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণের বিরুদ্ধে একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ জনস্বার্থে মামলা হিসেবে লিখিত আবেদন জানানোর পর আদালত এ নির্দেশ দেয়।
এইচআরপিবি’র সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এবং এর সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামন সিদ্দিক সংগঠনের পক্ষে লিখিত আবেদন জানান।
আবেদনের সূত্রে জানা যায়, ১৯ শতকের প্রথম দিকে ঢাকার এক নবাবের জমিতে এই কবরস্থান স্থাপন করা হয়। পরে ঢাকা পৌরসভা এই কবরস্থানের দায়িত্ব নেয়।
অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করছেন ডেপুটি এটর্ণি জেনারেল জামান আক্তার বুলবুল।
