ইতিহাসের দিকে তাকিয়ে আত্মতৃপ্তিতে ভুগতে চাই না, পর্তুগালকে হারাতে চাই : রেমন্ড ডমিনিক
এবারের বিশ্বকাপ ফুটবল আসরের কোয়ার্টার ফাইনাল খেলাগুলোতেই যত অঘটন ঘটে গেল । রবিবার প্যারিসে ফিরে যাবার জন্য আগে থেকেই বিমানের টিকেট বুকিং দিয়েছিল ফ্রান্স ফুটবল দল।
অনেকে নিশ্চিত ধরেই নিয়েছিলেন ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। কিন্তু এর নাম অঘটনঘটনপটিয়সী ফুটবল। ক্রিকেটের মতো এটিও সব সম্ভবের খেলা। যে কোনো সময় হিসেব নিকেশের খাতা উল্টে যেতে পারে। আর হয়েছেও তাই। সেই ব্রাজিলও নেই আর ইংল্যান্ডও নেই। পর্তুগালের পরিবর্তে দেশে ফিরেছে বেকহ্যাম, জেরহার্ড, রুনি ও ল্যাম্পার্ডের ইংল্যান্ড। জিদান, থিয়েরি অঁরি’দের পরিবর্তে রোনাল্ডো, কাকা, কাফু ও রোনালদিনহোর ব্রাজিল। আর লিসবেন ও প্যারিসের বদলে সেমিফাইনাল খেলার জন্য সোজা মিউনিখ পৌঁছেছে ফিগো ও জিদানের দল।
আসরের প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের সাথে গোলশূণ্য ড্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে ১ -- ১ গোলে ড্র করার পর দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়েই এক ধরনের সংশয় দেখা গিয়েছিল ’৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। কিস্তু শেষ ম্যাচে নবাগত টোগোর বিরুদ্ধে ২ -- ০ গোলে জয়লাভ করে জয়ের ধারায় ফিরে আসে ফরাসিরা। এরপর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শক্তিশালী স্পেনের বিরুদ্ধে ৩ -- ১ গোলের জয়লাভ ফ্রান্সকে নতুন প্রেরণা যোগায়। এই খেলার সবচেয়ে আশার দিকটি ছিল ফরাসি প্লে মেকার জিনেদিন জিদানের স্বাভাবিক ছন্দে ফেরার ব্যাপারটি। বছরের শুরৃু থেকেই ইনজুরি সমস্যায় ভুগতে থাকা জিদান এই ম্যাচে তার স্বমূর্তি ধারন করলে তার সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্পেন। আর ব্রাজিলের বিরুদ্ধে তার তুখোড় পারফরমেন্সতো সকল আলোচনার উর্দ্ধে। নিঃসন্দেহে জিদানের স্বভাবিক ছন্দে ফিরে আসাই ব্রাজিলের বিদায়ের একমাত্র কারন।
একদিকে স্বাগতিক জার্মানি ও ইটালি আর অন্যদিকে ফ্রান্স এবং পর্তুগাল। পর্তুগীজদের বিরুদ্ধে ফরাসিদের ইতিপূর্বের জয় - পরাজয়ের ইতিহাস অবশ্য পুরোটাই ফ্রান্সের পক্ষে। দু পক্ষের ম্যাচ হয়েছে চারটি এবং চারটিতেই জয় পেয়েছে ফ্রান্স। আর এই জয়ের মধ্যে সেরা জয়টি সহজেই নির্ধারণ করা যায়। ২০০০ সালের ইউরো কাপের সেমিফাইনালে ফিগো আর ডেকো’র পর্তুগালকে হারিয়েই ফাইনালে ওঠে ফ্রান্স। অবশ্যম্ভাবীভাবে চ্যাম্পিয়নও হয় তারা।
কিন্তু ইতিহাস আর মাঠের বাস্তবতা যে এক নাও হতে পারে সেকথা খুব ভালোই জানেন এবারের ফরাসি কোচ রেমন্ড ডমিনিক। আর তাই পর্তুগীজদের বিপক্ষে তাদের জয়ের ইতিহাসকে মোটেই ধর্তব্যে আনছেন না তিনি। তার এখন একটাই চিন্তা - সেমিফাইনালে পর্তুগীজদের হারনো। বাস্তবে সেই চিন্তা তিনি করতেই পারেন। কেননা জিদান এখন তার পারফরমেন্সে বিদায় বেলার ছটা ছড়াচ্ছেন। থিযেরি অঁরি তার শুরুটা একটু হালকাভাবে করলেও কঠিন পণ করেছেন আন্তর্জাতিক অঙ্গণ থেকে জিদান ও তার নিজের বিদায়টা স্মরণীয় করে রাখার।
সেমিফাইনালের আগে ডমিনিক এক প্রেস কনফারেন্সে তার অনুভূতির কথা জানিয়ে বলেন, আমরা পুরোনো সকল ইতিহাস আর পরিসংখ্যান ভুলে পর্তুগীজদের হারাতে চাই। বুধবার খেলার মাঠেই আমাদেরকে প্রমাণ করতে হবে যে পর্তুগালের বিরুদ্ধে আমরাই সেরা।
অবশ্য ব্রাজিলকে হারনোর আলাদা তৃপ্তির ব্যাপারটি ফুটে উঠেছিলো ডমিনিকের চেহারাতেই। ‘আমরা কঠিন একটি জয় অর্জন করেছি। আমাদের কঠোর পরিশ্রমের কারনেই এই জয় সম্ভব হয়েছে। তবে শুধুমাত্র ব্রাজিলকে হারিয়েই আমাদের মিশন শেষ হয়ে যায়নি। আমাদের সামনে এখন বিশ্বকাপ জয়ের হাতছানি। তাই পেছনে তাকিয়ে আত্মতৃপ্তির কোনো অবকাশই আমাদের নেই’ জানালেন ফরাসি কোচ।
ডমিনিক কিন্তু পর্তুগালের ব্রাজিলিয়ান কোচ লুই ফিলিপ স্কলারি’র প্রশংসায় একবারে পঞ্চমুখ। আর তা হবেন নাই কেন! একজন কোচ হিসেবে স্কলারির প্রাপ্তির দিকে তাকালেই যেকোনো কোচেরই মাথা তার প্রতি সম্মানে নুয়ে যাওয়ার কথা। ২০০২ সালের অপেক্ষাকৃত দূর্বল ব্রাজিল দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর পেছনে তার অবদানকে কে অস্বীকার করবে! ব্রাজিলকে কাপ পাইয়ে দিয়েই তিনি আবার দায়িত্ব নিলেন পর্তুগাল দলকে গঠন করার। আর তার সুনিপুণ প্রশিক্ষণে অল্প সময়ের মধ্যেই সাফল্য পায় পর্তুগীজ দল। ইউরো ২০০৪ এর ফাইনালে তারা রানার্স আপ হয়। সুতরাং ফুটবলার গড়ার এমন একজন সুদক্ষ কারিগরকে সম্মান না জানানোর কিছুই নেই।
ডমিনিক জানান, আস্তর্জাতিক ফুটবলে স্কলারির যে অনবদ্য অবদান রয়েছে তাতে আমার মনে হয় তিনিই বর্তমান পৃথিবীর সেরা কোচ। সুতরাং তার দলের বিরুদ্ধে আমাদের খেলাটা অবশ্যই কঠিন একটি চ্যালেঞ্জ।
ডমিনিক মনে করেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই ফ্রান্সের জন্য এক একটি অগ্নি পরীক্ষা। এপর্যন্ত অবশ্য সবকটি পরীক্ষাতেই তারা উত্তীর্ণ হয়েছে। তবে সাবধানী ডমিনিক ব্রাজিলের সাথে জয়ের পর মোটেই আত্মতৃপ্তিতে ভুগতে রাজী নন। আত্মতৃপ্তির ভয়াবহ পরিনতির কথা তিনি ভালেই বোঝেন। তাই ব্রাজিলকে হারানোর পরও তিনি চাইছেন তার দলের ফুটবলাররা যেন ব্রাজিলের সাথে ম্যাচটি খেলার ঠিক আগের মানসিকতায় ফিরে যাক। আর কোচ হিসেবে এটাই হবে ডমিনিকের এখনকার একমাত্র কাজ।
ডমিনিক জানালেন, ‘২০০২ সালের আসরে একটিও গোল করতে না পেরে আসর থেকে বিদায় নিয়েছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেনেগালের কাছে ১ -- ০ গোলে পরাজয়ের সেই ভুত এতদিন ধরে তাড়িয়ে বেড়িয়েছে সকল ফরাসি ফুটবলারকে। টোগোকে হারিয়ে আসরের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে দলের আনেককেই বলতে শুনেছি, ‘যাক এবার আমরা ২০০২ আসরের আমাদের পারফরমেন্সকে ভুলতে পারবো’’।
এখন শুধু অপেক্ষার পালা। বাকি মোটে একটি দিন। হয় ইতিহাসের জয় নাহয় নতুন এক ইতিহাস রচনা। দেখাই যাক জিদান, থিয়েরি অঁরি আর রিবেরি’র ফ্রান্স ১৯৯৮ সালের মধুর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কিনা।
