সাভারে পুলিশের নির্যাতনে বৃদ্ধা খুন: এসআই ও দুজন কনস্টেবল সাময়িক বরখাস্ত
সাভারের বিরুলিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া মহল্লায় রোববার রাতে পুলিশের নির্যাতনে এক বৃদ্ধার মৃত্যূর ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই ও দুজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, বিরুলিয়া ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ (২৪) পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের মিকরাইল গ্রামের মিন্টু মিয়ার মেয়ে দিশারী আক্তার টুম্পাকে (১৮) আদালতে বিয়ে করে। বিয়ে মেনে না নিয়ে টুম্পার বাবা জুয়েলকে আসামী করে সাভার থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই মোখলেছুর রহমান রোববার রাত ৯টার দিকে সাদা পোশাকে তিনজন কনস্টেবল নিয়ে জুয়েলকে গ্রেফতার করতে আসেন।
পুলিশ জুয়েলের দাদী নয়ন বানুকে তার নাতি এখন কোথায় তা জানতে চাইলে বৃদ্ধা জানান, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এতে এসআই মোখলেছুর ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেন ও তার তলপেটে কয়েকটি লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সাথে সাথেই এসআই এবং তিনজন কন্সটেবল পালিয়ে যায়।
এতে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংসদ সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম সালাহউদ্দিন নাগরীকে এ বিষয়ে অবহিত করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় এসআই মোখলেছুর রহমান এবং দুজন কনস্টেবল আলিম ও মুন্নাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
