চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ-বিডিআর গুলি বিনিময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে রোববার রাত ১২টায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গুলিবিনিময় হয়েছে।
বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন ৬ এর অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান জানান, ভারতের মালদহ জেলার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪০ ব্যাটালিয়ন এর সুখদেবপুর শিবিরের জওয়ানরা কিরণগঞ্জ সীমান্তের ১৭৮ এর ২ এস পিলারের কাছে বাংলাদেশকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির বিডিআর জওয়ানরাও পাল্টা ২০ রাউন্ড গুলি ছোঁড়ে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিডিআর জানিয়েছে। গুলি বিনিময়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় বিডিআর টহল জোরদার করা হয়েছে।
