মার্কিন নেভি শিপ মার্সি বাংলাদেশে পৌঁছেছে
স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষে মার্কিন নেভি শিপ মার্সি (টি- এএইচ১৯) বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার শিপটি কক্সবাজার উপকূলে নোঙ্গর করে।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল গ্রেরি রগহেড বলেন, যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডার সামরিক বাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মার্সি মেডিক্যাল টিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সদস্যরা বাংলাদেশের জনগণকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে বাংলাদেশী চিকিৎকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
পেশাগত মতবিনিময়ের জন্য মার্সি জাহাজের নাবিকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) সাথে কাজ করবে।
গতবছর ৮৯৪ ফুট দীর্ঘ মার্সি জাহাজের মিশন চলাকালে ইন্দোনেশিয়া, পশ্চিম তিমুর এবং পাপুয়া নিউগিনির সহাস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
মার্সি মিশনের চিকিৎসকরা সাধারণ সার্জারি, চোঁখের সার্জারি, প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন ও চিকিৎসা, প্রিভেনটিভ মেডিসিন চিকিৎসা, ডেন্টাল স্ক্রিনিং ও চিকিৎসা, অপটোমেট্রি স্ক্রিনিং, জনস্বাস্থ্য প্রশিক্ষণ এবং ভেটেনারি সেবা বিষয়ে প্রশিক্ষিত।
১৯৮৫ সালের ২০ জুলাই এর উদ্বোধন করা হয় এবং ১৯৮৬ সালের ৮ নভেম্বর কমিশনপ্রাপ্ত হয়। এতে সকল প্রকার হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য হেলিপ্যাড রয়েছে।
