বিশ্বকাপ খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ভাংচুর: আহত ২০
বিশ্বকাপ ফুটবলের জার্মানি--আর্জেন্টিনা ম্যাচ চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও ও ব্যাপক ভাংচুর করেছে।
এসময় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের নৈশপ্রহরী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
ভাংচুরের ফলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা উপজেলার পার সোনাতলা গ্রামের নাজিম ও আরিফুলকে আটক করে পুলিশে সোর্পদ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বিশ্বকাপের ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় উল্লাপাড়া রেল স্টেশন সংলগ্ন পাঁচটি গ্রামের কয়েকশ’ বিক্ষুব্ধ গ্রাহক উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাংচুর শুরু করলে কার্যালয়ের নৈশপ্রহরী ও নিরাপত্তারক্ষীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এসময় কমপক্ষে ২০ জন গ্রাহক আহত হয়।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
