শিক্ষক কর্মচারি ফ্রন্টের শিক্ষা ধর্মঘট হয়নি, মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা
বেসরকারি স্কুল -- কলেজ ভিত্তিক সংগঠন জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট বিভিন্ন দাবিতে শনিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস ধর্মঘট আহ্বান করলেও নগরীর অধিকাংশ শিক্ষাঙ্গনে এ ধর্মঘট পালিত হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর প্রায় বেশিরভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মিত ক্লাশ হয়েছে। ইডেন মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাশ অনুষ্ঠিত হয়।
বর্ধিত ১০ শতাংশ বেতন -- ভাতা বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ে জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট ওই ধর্মঘট আহ্বান করে।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাদের আহ্বানে সাড়া দিয়ে আগারগাঁও স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কারিগরী কলেজে ধর্মঘট পালিত হচ্ছে।
এতে ২৭ থেকে ৩০ জুলাই এর মধ্যে বেতন -- ভাতা বৃদ্ধি সংক্রান্ত আট দফা দাবি না মানা পর্যন্ত ঢাকায় মহাঅবস্থান এবং শিক্ষক -- কর্মচারি জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৫ জুলাই বুধবার সকল বেসরকারি স্কুল -- কলেজে আবারো পূর্ণ দিবস ধর্মঘট এবং জেলা সদরে বিশেষ প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি, ৭ জুলাই শুক্রবার থেকে ১০ জুলাই সোমবার বেতন বৃদ্ধির বিষয়ে সাংসদদের অবস্থান জানতে চেয়ে লিখিত বক্তব্য আহ্বান করা -- ইত্যাদি।
