২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনকে ৩ -- ০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ইটালি জার্মানির মুখোমুখি

জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে শিরোপা প্রত্যাশী ইটালি নবাগত ইউক্রেনকে ৩ -- ০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 03:11 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ইটালির ফরোয়ার্ড লুকা টনি দুটি ও ডিফেন্ডার গিয়ানলুকা জ্যামব্রোত্তা অপর গোলটি করেন। ম্যাচে পরাজয়ের ফলে ইউক্রেনের শেষ চারে ওঠার স্বপ্ন ভেঙ্গে গেল।

খেলায় ফেবারিট হিসেবেই মাঠে নামে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। তাই আজ্জুরিদের এই জয় অনেকটা প্রত্যাশিতই ছিল।  খেলার ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ইটালির ডিফেন্ডার জ্যামব্রোত্তা।  বাম দিক থেকে ইউক্রেনের গোলমুখে বল টেনে নিয়ে এসে ২৫ গজ দূর থেকে বাম পায়ের দূর্দান্ত এক শটে ইউক্রেনিয় গোলরক্ষক ওলেকজান্দের শোভকোভস্কিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের এই ডিফেন্ডার।

পিছিয়ে পড়ে সমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যায় ইউক্রেন। কিন্তু শেভচেঙ্কো ও তার সতীর্থরা ইটালির রক্ষনভাগে তেমন কোনো ফাটল ধরাতে পারেনি। ইটালিও  কয়েকটি চমৎকার আক্রমণ করে গোলের সুযোগ তৈরী করে। তবে কোনো দলই আর গোল দেখা না পারায় প্রথমার্ধে ইটালি এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইউক্রেন ও ইটালির আক্রমণ পাল্টা-আক্রমনে খেললে ম্যাচটি দারুন উপভোগ্য হয়ে ওঠে।  আর এই লড়ায়ে আবারো এগিয়ে যায় ইটালি। খেলার ৫৯ মিনিটে ইটালিয়ান মিডফিল্ডার ফ্রানচেস্কো টট্টি’র বাম দিক থেকে নিখুঁত ক্রসটি সতীর্থ ফরোয়ার্ড লুকা টনি দক্ষতার সাথে হেড দিয়ে জালে জড়িয়ে দিলে ২ -- ০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মার্সেলো লিপ্পি’র ইটালি।

নিশ্চিত হার জেনেই ইউক্রেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। দ্বিতীয় গোলটি হজমের তিন মিনিটের মধ্যেই ইটালির গোলমুখে সুন্দর একটি আক্রমণ করে তারা। সতীর্থের চমৎকার একটি ক্রস ইউক্রেনিয় মিডফিল্ডার ম্যাক্সিম কালিনিচেঙ্কো হেড দিয়ে ইটালির গোলরক্ষক বুফানকে পরাস্ত করতে সমর্থ হলেও দূর্ভাগ্যজনকভাবে বলটি ক্রসবারে লেগে ফিরে আসে।

খেলার ৬৯ মিনিটের মাথায় দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলের দেখা পান লুকা টনি। সতীর্থ গোলদাতা গিয়ানলুকা জ্যামব্রোত্তা ইউক্রেনের পেনাল্টি বক্সের মধ্যে নিখুঁত একটি পাস ঠেলে দেন লুকা’র পায়ে। লুকা তার ডান পায়ের খোঁচায় বলটি অনায়াসেই  ইউক্রেনের জালে জড়িয়ে দিয়ে ৩  -- ০ গোলে দলের জয় নিশ্চিত করেন।

ইটালি ৫জুলাই ডর্টমুন্ডে প্রথম সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী স্বাগতিক জার্মানির বিরুদ্ধে লড়বে।