২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন মুসুল্লিরা

আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে কয়েকশ’ মুসুল্লি শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

স্থানীয় বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান এ সড়কের নির্মাণ কাজ করছে। মুসুল্লিরা শুক্রবার নির্মণাধীন সড়কের পিলার ও অন্যান্য স্থাপনা ভাংচুর করেন।

ঢাকা সিটি করপোরেশনের স্থগিতাদেশ সত্ত্বেও সাংসদ পিন্টুর মালিকানাধীন প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। কবরস্থানের পূর্ব দিক দিয়ে নিউ মার্কেট ও আজিমপুর রোডের মধ্যে এ সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে।

অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার জুম্মার নামাজের পর কয়েক শ’ মুসুল্লি আজিমপুর কবরস্থানে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ মুসুল্লিরা নির্মাণ শ্রমিকদের জন্য নির্মিত শেড ভেঙে ফেলে এবং কয়েকটি পিলার গুঁড়িয়ে দেন। এ সড়কের নির্মাণ কাজ শুরুর পর থেকেই তারা কবরস্থানের ভেতর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিল।

অন্যদিকে, মুসুল্লিদের এ কর্মসূচি চলাকালে পুলিশ তাদের বাধা দেয়।

স্থানীয় লোকজন জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে নির্মাণ সামগ্রী এবং নির্মিত রাস্তার যাবতীয় জিনিসপত্র সরিয়ে না নিলে তারা আরো কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে আলটিমেটাম দিয়েছেন।