২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতাল বিদ্রোহের ১৫১ তম বার্ষিকীতে আদিবাসীদের ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দাবি

সাঁওতাল বিদ্রোহের (হুল) ১৫১ তম বার্ষিকীতে বক্তারা আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সাঁওতাল বিদ্রোহের ১৫১ তম বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী নৃত্য, গান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজনের উদ্বোধন করেন আদিবাসী মুক্তিযোদ্ধা বুদু মুন্ডা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহীদ মিনার থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।  

উদ্বোধনী  পর্বে সভাপতিত্ব করেন গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ঢাবি’র অধ্যাপক মেসবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, সাংবাদিক কামাল লোহানী। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সিপিবি রুহিন হোসেন প্রিন্স, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, আদিবাসী নেত্রী রেবেকা সরেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিঁদু -- কানু আহ্বানে যে সাঁওতাল বিদ্রোহের জন্ম হয়েছিলো, সেই অধিকার আদায়ের সংগ্রাম আজো শেষ হয়নি। আজো আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি। বাংলাদেশ সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিতে নারাজ। তাই সরকারি নথিপত্রে ‘আদিবাসী’ শব্দের বদলে ‘উপজাতি’ শব্দ ব্যবহার করা হচ্ছে।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা বাংলাদেশকে বহু জাতির রাষ্ট্র হিসেবে দেখতে আগ্রহী নয়। তাই ভাষাগত সংখ্যা লঘু আদিবাসীদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।