সেমিফাইনালে ওঠার যুদ্ধে আট ফুটবল পরাশক্তি
দুদিন বিরতির পর শুক্রবার জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে প্রথম কোয়ার্টারফাইনাল দিয়ে আবারো শুরু হচ্ছে বিশ্বকাপে হেভিওয়েটদের শ্রেষ্ঠত্বের লড়াই।
১৬ বার বিশ্বকাপে অংশ নেওয়া স্বাগতিক জার্মানি এই নিয়ে ১৫ বারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে এবং পঞ্চমবারের মতো তারা আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে।
ইটালিতে অনুষ্ঠিত ১৯৯০ এর বিশ্বকাপের ফাইনালে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে শেষবার দেখা হয়েছিল । সেখানে ম্যথিয়াস, ব্রেমা, ভয়েলার এবং ক্লিনসম্যানের জার্মানি ১ - ০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে ২ -- ৩ গোলে হারার মধুর প্রতিশোধ নিয়েছিল।
বার্লিনে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ার্টারফাইনালে নিরপেক্ষ দর্শকেরা নিশ্চিতভাবেই ৯০’ এর আসরের সেই নিরস ফাইনালের পরিবর্তে ৮৬’ এর ফাইনালের মতো চরম এক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা উপভোগ করতে চাইবে।
এবারের আসরে জার্মানি তাদের প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। প্রবল আত্মবিশ্বাসী জার্মান এবার আর্জেন্টিনাকে পরাজিত করে বড় দলগুলোর বিরুদ্ধে তাদের দীর্ঘ ছয় বছরের বিজয়ের খরাকে কাটাতে চায়।
এদিকে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ইটালি অপেক্ষাকৃত দুর্বল দল নবাগত উইক্রেনের মুখোমুখি হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে ইটালিকে যথেষ্ট বেগ পেতে হলেও ট্রাইবেকারের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে আসা ইউক্রেনের বিরুদ্ধে আজ্জুরিরাই ফেবারিট।
শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরো ২০০৪ এর দুই কোয়ার্টার ফাইনালিস্ট শক্তিশালী ইংল্যান্ড ও পর্তুগাল। সেই খেলায় ইংল্যান্ড স্বাগতিক পর্তুগালের কাছে ট্রাইবেকারে পরাজিত হয়।
এবারের আসরের গ্র“প পর্যায়ে ইংল্যান্ড বেশ সাদামাটা পারফরমেন্স দেখিয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় তারা ইকুয়েডরের বিরুদ্ধে মাত্র ১ -- ০ গোলে জযলাভ করে। তাছাড়া বড় দলগুলোর বিরুদ্ধে ইংল্যান্ডের বাজে পারফরমেন্সের ইতিহাসও রয়েছে। সুতরাং এটা নিদ্বির্ধায় বলা যায়, শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে ইংল্যান্ড বেশ সাবধানেই মাঠে নামবে।
এদিকে পর্তুগাল তাদের দ্বিতীয় রাউন্ডের বিতর্কিত খেলায় হল্যান্ডের বিরুদ্ধে ১ -- ০ গোলে জযলাভ করলেও লাল আর হলুদ কার্ডের ছড়াছড়িতে তাদের আক্রমণভাগে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। ঐ খেলায় পর্তুগীজ মিডফিল্ডার ডেকো এবং কস্টিনহা লাল কার্ড দেখায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় অংশ নিতে পারছেননা। তবে তাতে ইংল্যান্ডের নির্ভার হবার কোনো কারন নেই । কেননা পর্তুগাল দলে এমন কিছু স্ট্রাইকার রয়েছে যারা ইংল্যান্ডের দূর্বল রক্ষণভাগের জন্য ভীতির কারন হয়ে উঠতে পারে।
অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ৯৮’ এর বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ব্রাজিল।
