স্পেনকে ৩ -- ১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স
জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে বুধবার ১৯৯৮ আসরের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স শক্তিশালী স্পেনকে ৩ -- ১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।
ফ্রান্সের পক্ষে রিবেরি, স্ট্রাইকার ভিয়েরা এবং তারকা মিডফিল্ডার জিনেদিন জিদান গোল তিনটি করেন। স্পেনের পক্ষে ফরোয়ার্ড ভিল্লা একমাত্র গোলটি করেন। এ জয়ের ফলে ২ জুলাই ফ্রাঙ্কফুর্টে ৪র্থ কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে।
খেলার ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে স্পেনকে এগিয়ে নিয়ে যান স্পেনের ফরোয়ার্ড ভিল্লা। ফ্রান্সের পেনাল্টি বক্সের মধ্যে ডিফেন্ডার লিলিয়েই থুরাম স্প্যানিশ ফরোয়ার্ড ইবানেজকে ফাউল করে বসলে ইতালিয়ান রেফারি রবার্টো রসেটি স্পেনের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। ভিল্লার পেনাল্টি কিকটি ফ্রান্সের গোলরক্ষক বার্থেজকে পরাজিত করে জালে ঢুকলে স্প্যানিশ সমর্থকরা উল্লাসে মেতে ওঠে।
সমতায় ফিরে আসতে মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ফরাসিরা। স্পেনের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে খেলার ৪১ মিনিটে সমতাসূচক গোলটির দেখা পায় ফ্রান্স। সতীর্থ ভিয়েরার পাসটি চমৎকারভাবে স্পেনের জালে জড়িয়ে দেন রিবেরি। ফলে প্রথমার্ধে সমতা নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।
জয়ের জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দল আরো আক্রমণাত্মক খেলা শুরু করে। কিন্তু ফ্রান্সের শেষ দশ মিনিটের চমৎকার নৈপুণ্যে স্পেনের কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। খেলার ৮৩ মিনিটে ভিয়েরা দর্শণীয় এক গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নেন। আর খেলার শেষ মুহুর্তে ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদান দুর্দান্ত এক শটে গোল করে ৩ -- ১ গোলের ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।
