২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শেখ মহিউদ্দিন আর নেই, ১ম লিড

প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইংরেজি দৈনিক নিউনেশন--এর প্রধান প্রতিবেদক শেখ মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল (ইন্নানিল্লাহে...রাজিউন) করেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য বন্ধু--বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শেখ মহিউদ্দিন ১৯৭৭ সালে সাপ্তাহিক রোববার--এর রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু করেন এবং পরবর্তিতে এর চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল বিএম কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা শেখ মহিউদ্দিন ১৯৮৮ সালে নিউ নেশনে যোগদান করে ইরেজি মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিকটিতে বিভিন্ন অবস্থানে দায়িত্ব পালনের পর সর্বশেষ এর চিফ রিপোর্টারের দায়িত্ব গ্রহণ করেন।

সাংবাদিকতা শুরুর আগে তিনি সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর পরিবর্তিত সরকার তাকে প্রায় দেড় বছর কারাবন্দি রাখে।

জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর শেখ মহিউদ্দিন সাংবাদিকতায় যোগ দেন।

ঝালকাঠী জেলার রাজপাশার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মরহুম তোজাম্বর শেখ।

তিনি জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং ঢাকাস্থ বরিশাল সাংবাদিক সমিতি।

বিকেলে শেখ মহিউদ্দিনের প্রথম নামাজে জানাযা ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মিতভাষী ও সদালাপী শেখ মহিউদ্দিন সাংবাদিক সমাজে একটি প্রিয় মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, শেখ মহিউদ্দিন আহম্মেদের মৃত্যুতে আমরা একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে হারালাম।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য শেখ মহিউদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ এক শোক বাণীতে গভীর শোক প্রকাশ করেন।

তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।