কুষ্টিয়ায় র্যাবের ক্রসফায়ারে কথিত চরমপন্থি নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামে মঙ্গলবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম মোহসীন আলী ওরফে মোহন (৪০)। সে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত ময়নুদ্দীনের ছেলে।
র্যাব জানায়, মোহসীনকে সোমবার হরিনারায়নপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়ার র্যাব ক্যাম্পে হস্তান্তর করা হয়।
মোহসীনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগিদের গ্রেপ্তারের জন্য ভোর ৪টার দিকে শান্তিডাঙ্গা গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোহনের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে আধাঘন্টাব্যাপী গুলি বিনিময়ের সময় মোহসীন র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান উদ্ধার করেছে।
র্যাব জানায়, মোহনের বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
